লিখেছেন Administrator রবিবার, 02 মে 2010 02:08
খুব শীঘ্রই ইসাডোরার রিলিজ ক্যান্ডিডেট এবং এই মাসের মধ্যেই স্ট্যাবল রিলিজ ডাউনলোডের জন্য পাওয়া যাবে। এখন দেখে নেই কি কি পরিবর্তন আসছে ইসাডোরায়।
উইন্ডোজ ইনস্টলারঃ হেলেনাতে গ্রাব ২ জনিত সমস্যার কারণে mint4win না থাকায় অনেকে ব্যবহারকারীই লিনাক্স মিন্ট ছেড়ে অন্য লিনাক্স ডিস্ট্রো বেছে নিয়েছেন তাতে কোন সন্দেহ নেই। কিন্তু তাদের জন্য সুসংবাদ হচ্ছে ইসাডোরায় আবার ফিরে আসছে mint4win। এমনকি আইএসও ছাড়াও শুধুমাত্র mint4win ডাউনলোড করা যাবে।
জাভাঃ ইসাডোরাতে জাভা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা এই জাভা প্রায় ১২২ মেগাবাইট দখল করে। অথচ এই জাভা ডিফল্টভাবে বাদ দেওয়া হলে এর পরিবর্তে ৪৮ মেগাবাইটের গিম্প, ২৮ মেগাবাইটের পিজিন এবং ৩১ মেগাবাইটের মনো/গিভার/টমবয় দেওয়া সম্ভব হয়। এমনকি এই জাভা শুধুমাত্র ওপেনঅফিস.অর্গ ডেটাবেজে ব্যবহৃত হয়। আর ওপেনঅফিস.অর্গ ডেটাবেজের ব্যবহারকারী খুবই কম। তাছাড়া বর্তমানে বেশিরভাগ অনলাইন গেমিং সাইটগুলোও ফ্ল্যাশ ব্যবহার করছে। রিলিজ ক্যান্ডিডেটে জাভা ডিফল্টভাবে দেওয়া থাকবে না এবং তা সিডি মিডিয়ার জন্য রিলিজ হবে। আর সিডি এবং ডিভিডি উভয় মিডিয়াতেই স্ট্যাবল রিলিজ হবে। যেখানে ডিভিডি মিডিয়াতে জাভা, openoffice.org-base প্যাকেজটিসহ আরও কয়েকটি প্যাকেজ ডিফল্টভাবেই দেওয়া থাকবে।
মুনলাইটঃ একটি বাগের কারণে এই মুনলাইট প্লাগিনটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা এই বাগটির জন্য ফায়ারফক্স লঞ্চ করার সাথে সাথে প্রায়ই ক্র্যাশ করে।
নতুন সফটওয়্যারসমূহঃ gwibber, startupmanager এবং p7zip প্যাকেজগুলো ডিফল্টভাবেই দেওয়া থাকবে। সাথে মিন্টের নিজস্ব ব্যাকআপ টুলকে অনেক বেশি ফিচার সমৃদ্ধ করা হয়েছে। যেন নতুন ভার্সন ইনস্টল করতে ব্যবহারকারীদের দুশ্চিন্তায় থাকতে না হয়। mintUpdate - সহ বেশকিছু অ্যাপ্লিকেশনের সিস্টেম ট্রের আইকনও পরিবর্তন করা হয়েছে। mintDesktop - এও নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। আর টমবয় ডিফল্টভাবে দেওয়া হলেও প্যানেলে তা যোগ করা হয়নি।
কমিউনিটি এডিশনঃ এখন থেকে আর কোন কমিউনিটি এডিশন থাকছে না। সকল সংস্করণই অফিসিয়াল রিলিজের আওতায় আনা হয়েছে।
এক্স৬৪ এডিশনঃ এতদিন মেইন এডিশনের সাথে এক্স৬৪ এডিশনও রিলিজ হয়েছে। যেখানে এক্স৬৪ এডিশন মেইন এডিশনের মত স্ট্যাবল ছিল না। তাই এই দুটি সংস্করণের মধ্যকার পার্থক্য ঘুচিয়ে এমন একটি সংস্করণ তৈরী করা হচ্ছে যা ৩২ এবং ৬৪-বিট উভয় আর্কিটেকচার সমর্থন করবে। আর হবে অনেক বেশি স্ট্যাবল।
ওইএম এডিশনঃ ওইএম - এর জন্য আলাদা একটি আইএসও রিলিজ হবে। কেননা হেলনাতে মেইন এবং এক্স৬৪ এডিশনের সাথে ফিচারটি থাকায় অনেক ব্যবহারকারীই ঘাবড়ে গিয়েছেন।
ইউনিভার্সাল এডিশনঃ এই সংস্করণটি ডিভিডি মিডিয়া সমর্থনে ৩২-বিট আর্কিটেকচারের জন্য রিলিজ হয়ে থাকে। কিন্তু ভবিষ্যতে ৩২-বিটের সাথে সাথে ৬৪-বিট আর্কিটেকচারের জন্যেও রিলিজ হবে। যা সিডি মিডিয়া সমর্থন করবে।
আপাতত এই পর্যন্তই।